রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।
শনিবার (১১ এপ্রিল) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন ও সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা গণিত ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নোত্তরে অংশ নিয়ে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।
সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে যে দেশ যত বেশি উন্নত, সেই দেশ বিশ্বে তত বেশি শক্তিশালী। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া ১২টি স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।
দুপুর ২টায় অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

