ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে—এক কৃষক মাথায় জেনারেটর নিয়ে হাজির হয়েছেন ফুয়েল কার্ডের আবেদন করতে। তিনি হচ্ছেন ফরিদুল ইসলাম (৫৫)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফরিদুলকে দেখা যায়, মাথার ওপর ভারি জেনারেটর। পাশ দিয়ে চলা মানুষদের চোখে হাসি আর বিস্ময়, কিন্তু ফরিদুলের মুখে একটাই চিন্তা, “জমিতে সেচ দেওয়ার তেল কোথা থেকে পাব?”
ফরিদুল সিংড়া ইউনিয়নের খাইরুল গ্রামের বাসিন্দা। তিনি বলেন, “আমার ৫ বিঘা ধানের জমি আছে। জেনারেটর দিয়ে সেচ দিতে হয়। আগে পাম্প থেকে ট্যাংকিতে তেল নিয়ে আসতাম। এখন আর তেল পাচ্ছি না। তাই ফুয়েল কার্ডের প্রমাণ দেখানোর জন্য মাথায় জেনারেটর নিয়ে এসেছি। লিখিত আবেদনও নিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, ফরিদুলের আবেদন সত্য। “তার জমিতে নির্বিঘ্নে সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষকের উদ্যম সত্যিই প্রশংসনীয়,” বলেন তিনি।

