শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে তিনি এ ঘোষণা দেন।
প্রার্থী অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তাদের দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে দাবি করে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে একই দিন বিকেল ৩টায় শ্রীবরদী জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে, শেরপুর-৩ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান।
উল্লেখ্য, ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইতোমধ্যে সম্পন্ন হলেও তফসিল ঘোষণার পর জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত ছিল। পরে পুনরায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।

