প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। আগামী ১০ মে’র মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সম্ভাব্য সফর ও দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা–দিল্লি সম্পর্ক নতুন করে শক্তিশালী করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। সফরে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় আতিথেয়তার প্রস্তুতিও নিচ্ছে নয়াদিল্লি।
অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি খাত, গঙ্গার পানিবণ্টন এবং উন্নয়ন সহায়তা–সংক্রান্ত প্রায় ২০০ কোটি ডলারের একটি প্যাকেজ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। সেচ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।
এছাড়া সফরে একাধিক মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধির অংশগ্রহণের সম্ভাবনার কথাও কূটনৈতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

