বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া নিয়ে ১৩টি দেশ যৌথভাবে নতুন নির্দেশনা জারি করেছে।
ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (৮ এপ্রিল) এই নির্দেশনা প্রকাশ করা হয়।
অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য—এই ১৩টি দেশ তাদের ভিসা ও কনস্যুলার সেবায় আবেদনকারীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি পদ্ধতি অনুসরণ করতে হবে এবং জাল কাগজপত্র ব্যবহার বা অবৈধ এজেন্টের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা থেকে বিরত থাকতে হবে।
এছাড়া অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন না করারও সতর্কতা দেওয়া হয়েছে। এমন অনিয়মে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি এবং আইনি জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়।
সবশেষে আবেদনকারীদের নিজ নিজ দেশের সরকারি ও যাচাইকৃত তথ্যের মাধ্যমে ভিসা কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও নিরাপদ হয়।

