রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট গ্রহণ সংক্রান্ত দুর্নীতি মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।
একইসঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি স্থানান্তরের আদেশ দেন এবং অভিযোগ গঠনের নতুন তারিখ ঠিক করেন।
আদালত সূত্র জানায়, ইতোমধ্যে মামলায় গেজেট প্রকাশসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।
দুদকের অভিযোগ অনুযায়ী, ইস্টার্ন হাউজিংয়ের গুলশানের একটি ফ্ল্যাট ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গ্রহণ ও পরবর্তীতে রেজিস্ট্রি করা হয়। তদন্ত শেষে একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
এর আগে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া ঘিরে হাইকোর্টে রিটসহ বিভিন্ন আইনি পদক্ষেপও নেওয়া হয়।

