ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সচেতনতা জোরদারে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ পালিত হবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মোহাম্মদ আমিন উর রশিদ, যিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
তিনি জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ শেষে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং এর উদ্বোধন অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলায়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সাধারণ মানুষের নাগালের মধ্যে ইলিশের দাম রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ইলিশ পাচার রোধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

