কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ভোক্তা পর্যায়ে তেল বিক্রি না করে অন্য উপজেলায় সরবরাহ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায়ের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার ০২ এপ্রিল উপজেলা প্রশাসনের অভিযানে মেসার্স খোদেজা আক্তার পিয়াসী এন্টারপ্রাইজের মালিক মো. এমরান হোসেনকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভোক্তা পর্যায়ে তেল বিক্রি না করে অন্য উপজেলায় সরবরাহ করে আসছিল এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছিল, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “এ ধরনের অনিয়ম কোনো ভাবেই সহ্য করা হবে না। পুনরায় একই অপরাধ করলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ দোকান সিলগালা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

