সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কার পরিষদের কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার শর্তে একমত হয়েছে জাতীয় সংসদের বিরোধী দল।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান এ অবস্থান স্পষ্ট করেন।
তিনি অভিযোগ করেন, সংসদে অনির্ধারিত আলোচনার সময় আইনমন্ত্রী তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তার দাবি, সরকারি দল কমিটি গঠনের যে প্রস্তাব দিয়েছে, সেখানে তারা সমাধানমূলক ভূমিকা নিতে চায়, তবে সংবিধান সংশোধনের বিষয়ে নয়—বরং সংস্কারের বিষয়ে তাদের অবস্থান।
শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার কমিটি বা পরিষদ গঠিত হলে সেখানে দুই পক্ষ থেকেই সমান সদস্য থাকতে হবে। আনুপাতিক ভিত্তিতে সদস্য নির্ধারণ করা হলে কার্যকর ফল পাওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, সংসদে বিষয়টি পরিষ্কার করার সুযোগ না পেলেও স্পিকার আগামী অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেবেন বলে জানিয়েছেন।
নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে বিরোধী দলের নেতা বলেন, তারা সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করবে, তবে জনগণের অধিকার ক্ষুণ্ণ হলে বা জাতীয় স্বার্থে ক্ষতি হলে তারা প্রতিবাদ জানাবে।

