ইরান–ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হলেও দেশে আগামী মাসেও কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে।
মজুতের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। এছাড়া অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।
তিনি আরও জানান, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই এবং মার্চ মাসেও জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক ছিল। এপ্রিল মাসেও কোনো সংকট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিজেল পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান জ্বালানি বিভাগের এ কর্মকর্তা। পাশাপাশি জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা আনতে একটি ডিজিটাল অ্যাপ তৈরি করা হচ্ছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানান তিনি।

