২০২১ সালের অভ্যুত্থানের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনের ধারাবাহিকতায় মিয়ানমারে সংসদীয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নির্বাচনে অংশ নিতে দেশের সেনাবাহিনীর প্রধান পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিন অং হ্লাইং।
সোমবার (৩০ মার্চ) রাজধানী নেপিদোতে এক অনুষ্ঠানে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব অভিজ্ঞ কর্মকর্তা ইয়ে উইন উ-এর কাছে হস্তান্তর করেন।
৬৯ বছর বয়সী এই জেনারেল ২০১১ সাল থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর তিনি দেশটির শাসনক্ষমতার শীর্ষে অবস্থান করেন।
নতুন রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি সদ্য গঠিত নিম্নকক্ষের আইনপ্রণেতাদের মনোনীত দুই ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীর একজন হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। একই প্রক্রিয়ায় উচ্চকক্ষ থেকেও আরেকজন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হবেন। এরপর উভয় কক্ষের ভোটে তিন প্রার্থীর মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হবে, যদিও ভোটের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেখা যায়, সামরিকপন্থী দলের এক আইনপ্রণেতা নিম্নকক্ষে প্রস্তাব করেন, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর এই রাজনৈতিক পরিবর্তন আসে। ওই নির্বাচনে সামরিক সমর্থিত দল জয়ী হলেও জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এটিকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দেয়।

