নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা ও মহানগর পর্যায়ের প্রথম সাধারণ সভায় বক্তব্য দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় অনুষ্ঠিত এ সভায় তিনি সরকারের ভূমিকা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারি দল জনগণের রায়কে সম্মান করছে না এবং সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করছে। তার দাবি, এ ধরনের প্রবণতা আগে আওয়ামী লীগ আমলেও দেখা গেছে।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে সংসদকে ব্যবহার করে সংবিধানকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থান অব্যাহত থাকলে জনগণ রাজপথে তাদের মতামত জানাতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সক্রিয় থাকবে এবং জনগণের আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে কাজ করে যাবে। তিনি সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।

