স্টাফ রিপোর্টার :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের তিলকপুর এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর তিলকপুর এলাকায় পৌঁছালে হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে বিপুলসংখ্যক যাত্রী ছিলেন। লাইনচ্যুত হওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে অনেক যাত্রী আহত হন। প্রাথমিকভাবে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মাহফুজুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি দেয়। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনায় কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


