জুলাই হত্যাযজ্ঞের মামলা ও অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে সদ্য পদত্যাগ করা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার–এর বিষয়ে তদন্ত শুরু করেছে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১২টা থেকে কমিটির কার্যক্রম শুরু হয়।
গতকাল বিকেলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বৈঠকের পর কমিটি গঠন করেন। কমিটির নেতৃত্বে রয়েছেন তিনি, অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটর মার্জিনা রায়হান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
কমিটি পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয়ও অনুসন্ধান করবে। অভিযোগ অনুযায়ী, মানবতাবিরোধী মামলার আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরী–কে জামিন বা অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে কোটি টাকা ঘুষ চাওয়ার চেষ্টা করেছিলেন সাইমুম রেজা।

