রাজধানীতে শনিবার ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তাঁর রুমমেট শাহীনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সামান্য কথা কাটাকাটি ও অনৈতিক প্রস্তাবকে কেন্দ্র করে শাহীন রাগে-ক্ষোভে ওবায়দুল্লাহকে সাতটি অংশে কুপিয়ে হত্যা করেছে।
রোববার (১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে মতিঝিলের ডিসি হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি জানান, হত্যাকাণ্ড ঘটেছিল ২৭ ফেব্রুয়ারি রাতে। পুলিশ নিহতের মরদেহ খুঁজে পাওয়ার পাশাপাশি হত্যায় ব্যবহৃত চাপাতি ও নিহতের মোবাইল ফোন জব্দ করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহীন ও ওবায়দুল্লাহ জসিমউদ্দীন রোড-এর একটি মেস বাসায় একত্রে থাকতেন। শাহীন হিরাঝিল হোটেলের কর্মচারি এবং নিহত ওবায়দুল্লাহ হোমিও দোকানের কর্মচারি ছিলেন। হত্যার রাতে ওবায়দুল্লাহ রুমে জোরে কথা বলছিলেন, যা নিয়ে শাহীন তার রাগ প্রকাশ করে এবং চাপাতি দিয়ে তাকে হত্যা করে।
পরবর্তীতে ধরা পড়ার ভয়ে লাশকে সাতটি খণ্ডে ভাগ করে পলিথিনে মুড়ে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন। শাহীনকে তার হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।

