স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের সদস্যরাও এসেছেন। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন, তারা চিরস্মরণীয়।”
তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি। তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল প্রকাশ করা হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় কমিশনের রিপোর্ট আমাদের হাতে এসেছে, যা বাস্তবায়ন করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। ইতিমধ্যে গঠিত কমিশনের সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলো সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি শহীদ পরিবারের সদস্যদের আশ্বাস দেন, “পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল, যা শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বিশ্বাসহীনরাই করতে পারে।”

