চলতি উয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুমে চমক দেখিয়েই যাচ্ছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। এবার নকআউট পর্বে ইতালির শক্তিশালী দল ইন্টার মিলান-কে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্লে-অফের দ্বিতীয় লেগে ইতালির ঐতিহ্যবাহী সান সিরো স্টেডিয়ামে ২-১ গোলের জয় তুলে নেয় বোডো/গ্লিমট। এর আগে প্রথম লেগে ৩-১ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট কেটে নেয় দলটি।
এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন সাবেক এসি মিলান তারকা পিটার হাউগে। নিজের পুরোনো শহরে ফিরে এক গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
ম্যাচের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। পুরো ম্যাচে ৩৩টি শট নেয় ইন্টার মিলান, যেখানে বোডোর শট ছিল মাত্র ৭টি। বল দখলেও এগিয়ে ছিল ইতালিয়ানরা—প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় তাদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি ইন্টার। ফেডেরিকো ডিমার্কো ও মার্কুস থুরামদের একের পর এক প্রচেষ্টা ঠেকিয়ে দেন বোডোর গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৮তম মিনিটে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোল করেন পিটার হাউগে। এরপর ৭৩তম মিনিটে তারই ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইভজেন।
৭৬তম মিনিটে একটি গোল শোধ করেন ইন্টারের আলেসান্দ্রো বাস্তোনি। তবে সেটি কেবল ব্যবধান কমানোই ছিল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোডো/গ্লিমট।
৪০ হাজার জনসংখ্যার ছোট শহরের ক্লাবটি সান সিরো স্তব্ধ করে ইউরোপিয়ান ফুটবলে আরেকটি রূপকথার গল্প লিখলো।

