সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মৌলভীবাজার জেলায় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন। এ সময় জেলার সার্বিক বাজার পরিস্থিতি তুলে ধরেন জেলা মার্কেটিং কর্মকর্তা মারুফ উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী,ভোক্তা প্রতিনিধি,সমাজকর্মী ও নির্দিষ্ট গণমাধ্যমকর্মীসহ সুধীজন অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন,রমজান এলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সয়াবিন তেল,পেঁয়াজ,রসুন,আদা,ছোলা, ডাল,চিনি,কাঁচামরিচ,শসা,লেবু,কলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেন,যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় খাদ্যে ভেজাল মেশানো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে মিষ্টি,বিস্কুট ও জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ ও কাপড়ের রং এবং মুড়িতে ইউরিয়া সার ব্যবহারের মতো মারাত্মক অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
রমজান মাসকে কেন্দ্র করে যাতে কেউ অতিরিক্ত মুনাফা করতে না পারে এবং ভোক্তারা হয়রানির শিকার না হন,সে লক্ষ্যে বাজার মনিটরিং আরও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

