জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ অপেক্ষার পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, যা দেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই প্রত্যাশা তাদের। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠিত হোক বলেও আশা প্রকাশ করেন তিনি।
ড. শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
কোনো ছোটখাটো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে দল সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

