বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, নির্বাচনে জিততে একটি দল নানা ধরনের অনিয়ম ও কারচুপির আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, কেউ সিল, ব্যালট ও বোরকা তৈরি করছে এবং এনআইডি কার্ড ব্যবহার করে বিকাশের জন্য ফোন নম্বর নিচ্ছে। এসব দেখে বিএনপিকে সাবধান থাকতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘী ময়দানে চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “জনগণের আস্থা নিয়েই বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। দলটি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তৈরি হয়েছে এবং সংসদীয় গণতন্ত্রের জন্ম থেকে আজ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে মাথা তুলে দাঁড়িয়েছে। এক মুহূর্তের জন্যও আপোস করেনি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বাহক হিসেবে কাজ করতে হবে, আর কেউ যদি সেটি প্রশ্নবিদ্ধ করতে চায়, আমাদের সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “অনেকে এখনও নির্বাচন চাইছে না বা নির্বাচন প্রক্রিয়ার ওপর আস্থা রাখে না। আবারও নির্বাচনে গিয়ে এমন ধরনের ঘটনা শোনা যাচ্ছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে বাংলাদেশের জনগণ সচেতন, তারা ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করবে। কোনো কারসাজিকে স্থান দেওয়া যাবে না।”

