বলিউড অভিনেতা আমির খান হঠাৎ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের পৈতৃক নিবাসে পৌঁছেছেন। এই আকস্মিক সফর নিয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে হাজির হন আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতটি আমির অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছেন আমির। পাশাপাশি, পার্শ্ববর্তী বাড়ির ছাদে ভিড় জমানো স্থানীয়রা তাকে একনজর দেখতে পেয়ে অভিবাদন জানাচ্ছেন। আমিরও হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দিয়েছেন।
তবে দুই তারকার মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি অরিজিৎ সিং চলচ্চিত্র ও প্লেব্যাক সংগীত থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন, যা ভক্তদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, আমির খানের এই সফর হতে পারে অরিজিৎকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ করার উদ্দেশ্যে।

