যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা ক্রুসহ মোট আটজন আরোহী প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত একটি পরীক্ষামূলক মিশন চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বিমানটি আকাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ার পরপরই বিস্তৃত এলাকায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা দূর থেকেও দৃশ্যমান ছিল।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর এডওয়ার্ডস বিমানঘাঁটিতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মার্কিন বিমান বাহিনীর কর্নেল জেমস হেইস বলেন, এ ঘটনাকে তারা একটি বড় ধরনের ট্র্যাজেডি হিসেবে দেখছেন এবং এতে আটজনকে হারানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা, বেসামরিক সরকারি কর্মচারী এবং ঠিকাদাররা ছিলেন। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ও ভয়াবহ ছিল যে ঘটনাস্থল থেকে কারও জীবিত উদ্ধার সম্ভব হয়নি।
সূত্র: বিবিসি

