মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে চলাচলের একমাত্র দীর্ঘদিনের পুরোনো রাস্তা বাঁশ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চৌব্বাস পূর্বপাড়া এলাকায় রাস্তাটি বন্ধ করে দেওয়ায় প্রায় আড়াইশ পরিবারের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশুসহ স্থানীয় কয়েকশ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌব্বাস পূর্বপাড়া থেকে দেউস ও মন্দভাগ যাওয়ার একমাত্র মাধ্যম এই রাস্তাটি। এলাকাবাসীর দাবি, এটি প্রায় ৩০ থেকে ৪০ বছরের পুরোনো পথ। গত তিন দিন আগে স্থানীয় মৃত আবদুল মোনাফের ছেলে আবুল কালাম এবং তাঁর ছোট ভাইয়ের স্ত্রী রাশেদা বেগম নিজেদের জায়গা দাবি করে রাস্তার মাঝখানে বাঁশ দিয়ে বেড়া তৈরি করেন। ফলে ওই পথে রিকশা, সিএনজি তো দূরের কথা, মানুষের হাঁটার পথও রুদ্ধ হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। রাস্তার পাশের দোকানদার কামাল হোসেন বলেন: এই রাস্তা দিয়ে আমরা ৪০ বছর ধরে চলাচল করছি। কয়েকশ পরিবারের যাতায়াতের এটিই একমাত্র ভরসা। হঠাৎ তারা নিজেদের জায়গা দাবি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
একই এলাকার বাসিন্দা মোহন মিয়া জানান, আগে এটি পায়ে হাঁটার পথ থাকলেও সময়ের প্রয়োজনে রাস্তাটি বড় হয়েছে। বর্তমানে রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী।
রাস্তা বন্ধ করার বিষয়ে অভিযুক্ত আবুল কালাম নিজের অবস্থানে অনড়। তিনি বলেন, “রাস্তাটি আমাদের নিজস্ব জায়গায় পড়েছে। এ নিয়ে শরীফ গংদের সঙ্গে আমাদের আগে বাগ্বিতণ্ডা হয়েছে। তাই আমরা এটি বন্ধ করে দিয়েছি।
এ বিষয়ে শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ জানান, “আমি লোকমুখে বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দুই পক্ষকে ডেকে দ্রুত বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেওয়া হবে।”
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি যাতে তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত জনস্বার্থে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেন।
জনসাধারণের চলাচলের দীর্ঘদিনের পথ এভাবে বন্ধ করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

