সত্যজিৎ দাস:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে চার সদস্যকে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-৯ ও জেলা প্রশাসন সিলেটের যৌথ আভিযানিক দল গত ১৬ জুন রাত ১০টা ১০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার তানভীর আহমেদ সুমন (৩০), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা পশ্চিমপাড়া এলাকার সায়েম আহমেদ (৩৪), মৌলভীবাজার সদর উপজেলার হেলালপুর এলাকার বকুল মিয়া (৫৬) এবং কোতোয়ালী থানার কানিশাইল এলাকার সুমন আহমেদ (২৮)।
মোবাইল কোর্টে তারা সরকারি কর্মচারীদের আইনগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও সাধারণ মানুষকে হয়রানির বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি,১৮৬০-এর ১৮৬ ধারায় তানভীর আহমেদ সুমন ও সায়েম আহমেদকে তিন মাস করে এবং বকুল মিয়া ও সুমন আহমেদকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
র্যাব জানায়,সম্প্রতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতারক দালালদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও হাসপাতালসহ জনসাধারণের গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রগুলোতে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বুধবার (১৭ জুন) র্যাব-৯,সিলেটের মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

