রিজওয়ান, নওগাঁ, প্রতিনিধি:
নওগাঁ জেলার ভরতর কাঠের ডাঙ্গা এলাকায় পারিবারিক সদস্যদের উপর হামলা ও লুটপাটের ব্যাপক অভিযোগ উঠেছে।গত শুক্রবার আসরের নামাজের পর আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা বাড়ির সামনে রাস্তার পাশের বাগানে বসে ধানের কাজ নিয়ে পারিবারিকভাবে সলাপরামর্শ করছিলেন,এমতাবস্থায় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পিছন দিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়ে
মোঃ আতিকুর রহমান আতিক কে গুরুতর জখম করে । তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ও ভয়ানকভাবে জখম করে। ভিক্টিম আত্মরক্ষার চেষ্টা করার ফলে তার ডান হাতে গভীর জখম হয়। পরে হাসপাতালে তার হাতে ১৬টি সেলাই দিতে হয়।
এছাড়াও হামলায় তার বোন লাবনী আক্তারের পায়ে গুরুতর আঘাত লাগে এবং পা ভেঙে যায় বলে পারিবারিকসূত্রে প্রকাশ। তাদের বাবা হাতেম আলী মন্ডলকেও মারধর করে হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। মা মৌসুমীকেও মারধর করে আহত করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা লাবনী আক্তারের গলায় থাকা সোনার চেন, হাতের আংটি, মায়ের কানের দুল ও পায়ের নুপুর লুট করে নিয়ে যায়। একই সঙ্গে প্রায় ৪০ মণ ধানও নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

