আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ অভিযান চালায়।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
বিজিবি জানায়, শূন্যরেখা থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুর আনুমানিক মূল্য তিন লাখ টাকা। পরে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি মে মাসে সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করা হয়েছে।

