নোয়াখালী সদর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ১৪০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল ও একটি গাড়িসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি অয়েল স্টোরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছিল। পরে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়েছে।
ওসি মো. মহিনউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

