মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তার এবং এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে ) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামী রুহুল আমিন (৪০) কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার উত্তর চান্দলা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
অপরদিকে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম টুটুল (৩৭) কে গ্রেপ্তার করেন। তিনি দক্ষিণ চান্দলা গজারিয়া এলাকার মোঃ অলি আহম্মদের ছেলে।
এছাড়াও পৃথক অভিযানে মোবাইল কোর্ট মামলা নং-১৩৩/২০২৬ এর আসামী ইসমাইল (২৪) কে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ইসমাইল বুড়িচং উপজেলার হাসনাবাদ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

