দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ফলে বিভাগটিতে এ ধরনের মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।
স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একই সময়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৮ জন রোগী।
শুধু সিলেটেই নয়, দেশের অন্যান্য অঞ্চলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের চাপ লক্ষ্য করা যাচ্ছে।
রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে কয়েকটি স্থানে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি সংক্রামক রোগ হলেও যথাযথ চিকিৎসা ও সতর্কতা অবলম্বন করলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন। তারা গুজব বা আতঙ্কে না ভুগে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

