দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে শুধু সিলেট বিভাগেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। একই সময়ে নতুন করে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। সেখানে বর্তমানে ১১২ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে ১৭ জন রোগী বাড়ি ফিরেছেন বলেও জানা গেছে।
বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগেও বিভিন্ন হাসপাতালে হাম রোগীর চাপ অব্যাহত রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটের কারণে চিকিৎসা ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

