ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে সারা বিশ্ব। আর এই উন্মাদনার ঢেউ লেগেছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মনেও। আসন্ন বিশ্বকাপ নিয়ে এক রোমাঞ্চকর ও সাহসী ভবিষ্যদ্বাণী করে ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তাঁর মতে, এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে আফ্রিকার দেশ মরক্কো। সিটি হলের লনে আয়োজিত এক সাক্ষাৎকারে মামদানি তাঁর এই বিশেষ পূর্বাভাসের কথা জানান।
সাক্ষাৎকারে মেয়র মামদানি অকপটে স্বীকার করেন যে, বিশ্বকাপের জয়ী দল নিয়ে খুব গভীর কোনো গাণিতিক বা প্রযুক্তিগত বিশ্লেষণের সময় তাঁর নেই। তবে ফুটবলের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং বিশেষ করে আফ্রিকান ফুটবলের প্রতি তাঁর দুর্বলতা থেকেই তিনি মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘ফুটবলে কিছু সিদ্ধান্ত গবেষণার চেয়ে হৃদয়ের টানেই বেশি নেয়া হয়। আমার হৃদয় মরক্কোর পক্ষেই কথা বলছে।’
আফ্রিকান ফুটবলের সঙ্গে মামদানির সম্পর্ক বেশ গভীর। বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে একটি পূর্বাভাসে তিনি দেখিয়েছেন, ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে মরক্কো বিশ্ব ফুটবলের নতুন রাজত্ব দখল করবে। যদি তাঁর এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে এটি হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা এবং প্রথম বিশ্বকাপ ফাইনালে জয়ের অনন্য কীর্তি। যদিও বেশিরভাগ বিশ্লেষকের কাছে এটি বেশ অপ্রত্যাশিত ফলাফল, তবুও মামদানির সাধারণ মন্তব্য, ‘হৃদয় যা চায়, সেখানেই তো যায়।’
মেয়রের পূর্বাভাসে আরও যত চমক
মামদানির ফুটবল পূর্বাভাসে মরক্কো ছাড়াও আরও কয়েকটি বড় চমক রয়েছে:
ব্রাজিল: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পথচলা এবার থমকে যাবে শেষ ৩২-এর লড়াইয়ে, যেখানে তারা জাপানের কাছে হেরে বিদায় নেবে।
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড: মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে তাদের স্বপ্নের ইতি ঘটবে।
অন্যান্য দল: হাইতি শেষ ৩২ পর্যন্ত পৌঁছাবে এবং ঘানা নকআউট পর্বে উঠলেও কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেবে।
উগান্ডায় জন্ম নেওয়া মামদানি ছোটবেলা থেকেই ফুটবলের বিশাল ভক্ত। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানাকে সমর্থন করতে গিয়ে স্টেডিয়ামে বসে কান্নার স্মৃতি এখনো তাঁকে আবেগাপ্লুত করে। চার বছর আগে কাতার বিশ্বকাপের সময় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য থাকাকালীন মামদানি মরক্কোর কোয়ার্টার ফাইনাল জয়ের পর স্থানীয় মরোক্কান সম্প্রদায়ের সঙ্গে উদযাপনে অংশ নিয়েছিলেন। সেই পুরোনো আবেগ থেকেই এবার তিনি মরক্কোর এই বিশাল সাফল্যের স্বপ্ন দেখছেন।
এদিকে, আগামী ১৩ জুন নিউ জার্সির মেটলাফ স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। টুর্নামেন্টের শুরুতেই এই হাইভোল্টেজ ম্যাচটিতে মরক্কো কেমন পারফর্ম করে, তার ওপরই মূলত নির্ভর করছে মেয়র মামদানির এই রোমান্টিক ভবিষ্যদ্বাণীর প্রথম ধাপ। ফুটবল বোদ্ধাদের কাছে এটি আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও, খেলার মাঠে ফুটবল যে শেষ পর্যন্ত অনিশ্চয়তারই নামান্তর, তা জোহরান মামদানির এই বক্তব্য আবারও প্রমাণ করে দিল।

