জাতীয় সংসদে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোকপ্রস্তাবগুলো উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
শোকপ্রস্তাবে জাতীয় পার্টি, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীদের স্মরণ করা হয়। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং টেকনোক্র্যাট সদস্যরা।
স্মরণ করা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, ব্যারিস্টার শফিক আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোসলেম উদ্দিন, মো. দবিরুল ইসলাম এবং এ কে এম রহমত উল্লাহসহ আরও কয়েকজন।
এছাড়া সাম্প্রতিক সময়ে নিহত শিশুদের, বিশেষ করে শিশু রামিসাসহ অন্যান্য শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়।
শোকপ্রস্তাব গ্রহণের সময় সংসদ সদস্যরা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

