মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌরশহরের সাধনা ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির সুযোগ না থাকলেও সংশ্লিষ্ট স্টেশনটি তা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই বিক্রি করছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে বিক্রির রেজিস্টার খাতা পর্যালোচনা করে। এতে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় স্টেশনটির দায়িত্বরত কর্মকর্তা আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

