প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার করে বাংলাদেশ–স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

