পিরোজপুরের সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, মুদির দোকান, ডেকোরেটর, চায়ের দোকান ও চটপটি দোকানসহ মোট ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, অনেকেই সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

