মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মহাসড়কের দুই পাশ জুড়ে সারি সারি সজনে গাছে ফুটেছে অসংখ্য ছোট ছোট সাদা ফুল, যা পথচারী ও যাত্রীদের নজর কাড়ছে।
পৌরশহরের খেতাবমোড় এলাকা থেকে শুরু করে মহাসড়কের দুই পাশ ধরে দেখা মিলছে অসংখ্য সজনে গাছ। ব্যস্ত সড়কের একঘেয়ে দৃশ্যের মাঝে এই ফুলেল শোভা যেন এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে সড়কের ধারে রোপণ করা হয়েছিল এসব সজনে গাছ। সময়ের পরিক্রমায় গাছগুলো এখন পূর্ণতা পেয়েছে। সকালবেলার কোমল রোদ আর বিকেলের মৃদু বাতাসে ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে, তৈরি করছে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। এদিকে অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে মহাসড়কের পাশে কিছুক্ষণ থেমে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন ফুলে ভরা গাছের দৃশ্য।
প্রকৃতিপ্রেমীদের মতে, সড়কের দুই পাশে এ ধরনের বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, সজনে শুধু সৌন্দর্যই নয়, পুষ্টিগুণেও ভরপুর। সজনে ডাঁটা ও পাতা যেমন খাদ্য হিসেবে জনপ্রিয়, তেমনি ফুলও বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। ফলে এসব গাছ স্থানীয় মানুষের জন্য অর্থনৈতিক ও পুষ্টিগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

