সঞ্জয় মালাকার :
অবশেষে পাওয়া গেলো মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কুঁচিমোরা ব্রীজে ঘটে যাওয়া ভয়াবহ ও রহস্যময় সড়ক দুর্ঘটনায় সেই অজ্ঞাত যুবকের পরিচয়। কিন্তু নির্মম সত্য হলো, পরিচয় মেলার আগেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিরতরে বিদায় নিয়েছেন তিনি।
নিহত যুবকের নাম এনামূল হক জয়। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিজয়া বাজার এলাকার ছরকুম মিয়ার ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর পর পরিচয় নিশ্চিত হওয়ায় পুরো পরিবার ও এলাকায় এখন শোকের মাতম চলছে।পরিচয় নিশ্চিত করে মুটোফোনে আমাদের বিষয়টি জানান একই এলাকার আবুল কালাম নামের এক ব্যক্তি।
আজ সকাল ঠিক ৭টার দিকে রাজনগরের কুঁচিমোরা ব্রীজের নিচে একটি মোটরসাইকেলসহ গুরুতর রক্তাক্ত ও ক্ষতবিস্থত অবস্থায় এই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় ইউপি সদস্য মাসুম আহমেদ। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং রাজনগর থানার এস আই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
নিহত জয়ের হাত ও পায়ের বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। জ্ঞান হারিয়ে ফেলা জয়ের সাথে কথা বলার একাধিক চেষ্টা করা হলেও মৃত্যুর আগে তিনি কোনো কথা বলতে পারেননি। অবশেষে দুপুরের দিকে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

