নীলফামারীর ডোমার উপজেলায় অনলাইন জুয়ার ঋণের চাপ সহ্য করতে না পেরে গৌরাঙ্গ চন্দ্র রায় (২০) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মটুকপুর নয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৌরাঙ্গ চন্দ্র রায় ওই এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে যেকোনো সময় নিজ বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
স্থানীয়দের দাবি, গৌরাঙ্গ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার পর আর্থিক চাপ ও মানসিক অস্থিরতার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

