স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
দাদি ও বাবার কবরের পাশে রোপণ করা তিনটি ফুলগাছ চুরি হয়ে যাওয়ার ঘটনায় প্রতিশোধ না নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার এক যুবক।
সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের হাওলাদার শামীম আহমেদ নিজ উদ্যোগে পুরো গ্রামে ফুলগাছ রোপণ করে এলাকায় আলোচনায় এসেছেন।
জানা যায়, কয়েক মাস আগে তিনি দাদি ও বাবার কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলী গাছ রোপণ করেন। একটি গাছে ফুল ফোটার পরদিনই তিনটি গাছ চুরি হয়ে যায়। এতে কষ্ট পেলেও তিনি ক্ষোভ প্রকাশ না করে উল্টো ইতিবাচক সিদ্ধান্ত নেন।
এরপর তিনি পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ৫০০টি বাড়ির সামনে মোট ১ হাজার ৫০০টি ফুলগাছ রোপণ করেন। প্রতিটি বাড়ির সামনে চুরি হওয়া সেই তিন প্রজাতির গাছই লাগানো হয়েছে।
শামীম জানান, “চোরকে খুঁজে বের করার বদলে আমি চাই পুরো গ্রাম ফুলে ভরে উঠুক। হয়তো চোরও এসব গাছ দেখবে এবং অনুতপ্ত হবে।”
স্থানীয়রা বলছেন, একটি নেতিবাচক ঘটনার এমন ইতিবাচক প্রতিক্রিয়া গ্রামজুড়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
এলাকাবাসীর মতে, কয়েক মাস পর গাছগুলোতে ফুল ফুটলে পুরো গ্রাম সুগন্ধে ভরে উঠবে এবং এলাকার সৌন্দর্যও বাড়বে।
স্থানীয়দের অনেকে এই উদ্যোগকে প্রশংসা করে বলছেন, এটি অন্যদের জন্যও অনুপ্রেরণাদায়ক একটি উদাহরণ।

