সত্যজিৎ দাস:
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ‘বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’। চলতি বছরের মে মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪টি বন্যপ্রাণী উদ্ধার করে প্রশংসনীয় ভূমিকা রেখেছে সংগঠনটি।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপের নেতৃত্বে গত ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ে উদ্ধার করা হয় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এর মধ্যে রয়েছে হেলে সাপ, দুটি অজগর, পদ্ম গোখরা, সবুজ ফণীমনসা, কড়ি কাটুয়া, তিনটি লজ্জাবতী বানর, তক্ষক, জঙ্গল প্যাঁচা, বনবিড়াল এবং চিতাবিড়াল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,গত ৩ মে হেলে সাপ, ৭ ও ২১ মে দুটি অজগর, ১২ মে পদ্ম গোখরা, ১৩ মে তক্ষক, ১৪ মে জঙ্গল প্যাঁচা ও বনবিড়াল, ১৭ ও ২৪ মে দুটি সবুজ ফণীমনসা, ১৯, ২০ ও ২৭ মে তিনটি লজ্জাবতী বানর, ২১ মে চিতাবিড়াল এবং ৩১ মে কড়ি কাটুয়া উদ্ধার করা হয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ প্রাণী মানুষের বসতঘর,দোকানপাট ও জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করেছিল। আবার কিছু প্রাণী আহত ও অসুস্থ অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে,যাতে তারা নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে।
পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ বলেন,“মানুষ ও বন্যপ্রাণীর আবাসস্থলের দূরত্ব দিন দিন কমে আসছে। ফলে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেক বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে প্রাণী হত্যা না করে দ্রুত উদ্ধারকারীদের খবর দেওয়া জরুরি। বন্যপ্রাণী রক্ষা করা মানে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করা।”
তিনি আরও বলেন,“মানুষের সচেতনতা বাড়লে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান আরও নিরাপদ হবে। আমরা চাই উদ্ধার হওয়া প্রতিটি প্রাণী আবারও তার স্বাভাবিক পরিবেশে ফিরে যাক।”
প্রকৃতি,বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। সচেতন মহলের মতে,সজল দেব ও রাজদীপ দেব দীপের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম শ্রীমঙ্গলের জন্য গর্বের বিষয়।

