স্বামীকে জোরপূর্বক লকআপ থেকে মুক্ত করার চেষ্টা এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম সারিনা বিবি (৩৭)। পুলিশ তাকে তার নিজ বাসস্থান থেকে আটক করে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ৮ জুন নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আটক করা হয়। এরপর থেকে তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার হেফাজতে ছিলেন।
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার সারিনা বিবির নেতৃত্বে একদল সমর্থক ফলতা থানায় হামলা চালিয়ে আটক নেতাকে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে।
তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন, পুরো ঘটনাটির পরিকল্পনা ও নেতৃত্ব দেন সারিনা বিবি। পুলিশের হেফাজতে থাকা স্বামীকে জনসমক্ষে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনার প্রতিবাদ থেকেই এই হামলার সূত্রপাত বলে জানা যায়।
এদিকে ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা এবং সহিংসতার অভিযোগে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: এনডিটিভি

