জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা সংস্করণের এক টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার চলছে, তার কোনো সত্যতা নেই এবং এটি একটি গুজব।
তিনি আরও জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তবে তিনি স্পষ্ট করে বলেন, কেবল সংসদে কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান বজায় রেখেই তিনি কাজ চালিয়ে যেতে চান বলেও জানান রুমিন ফারহানা।

