নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে জামায়াত ইসলাম—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর চেষ্টা করছে কি না, তা দেশবাসীর ভেবে দেখা উচিত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ইস্যুতে জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। অতীত কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে জামায়াতকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে দলীয়ভাবে কাজ করতে হবে।
এছাড়া ছাত্র রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির জন্য একটি চক্র কাজ করছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তবে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

