সিরিয়ার সঙ্গে ইসরায়েলের একদিন না একদিন যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ-এর এই প্রভাবশালী নেতার বক্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) একাধিক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন কট্টরপন্থি শক্তি জোট গড়ে উঠছে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
চিকলি দাবি করেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি ও ক্ষমতাকাঠামোকে কেন্দ্র করে এমন একটি জিহাদি ধারা গড়ে উঠতে পারে, যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে সহাবস্থান করতে পারবে না। তার মতে, এসব গোষ্ঠীর লক্ষ্য কেবল আঞ্চলিক প্রভাব বিস্তার নয়, বরং জেরুজালেম নিয়ন্ত্রণে নেওয়া।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর পাকিস্তান, তুরস্ক ও কাতারের মতো দেশগুলো নিয়ে নতুন একটি জোট সক্রিয় হয়ে উঠছে, যা ইরানের চেয়েও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
তুরস্কের ভূমিকার সমালোচনা করে চিকলি বলেন, আঙ্কারা সিরিয়ায় প্রভাব বিস্তার করে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক কাঠামো গড়ে তুলছে, যা ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয়। তার মতে, তুরস্ক ও সিরিয়া ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, কাতার ও পাকিস্তান এই নতুন আঞ্চলিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
চিকলির এই বক্তব্যের পর ইসরায়েল-তুরস্ক সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এমন মন্তব্য আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

