নবীন মাহমুদ:
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগে করা মামলায় কারাগারে থাকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম জামিন পেয়েছেন। রোববার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, দুপুর পৌনে ১২টার দিকে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রেজানুরের আইনজীবী তানজীম আল মিসবাহ ও বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী আদালতকে জানান, ভুল-বোঝাবুঝি থেকে মামলাটি হয়েছে। দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। বাদীপক্ষও কারাগারে থাকা আসামির জামিন প্রার্থনা করে।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব বলেন, প্রতিমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে মামলা করা হলেও এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। ইতিমধ্যে প্রতিমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন, তার নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে মামলা বা বিবৃতি না দেন।
তিনি আরও বলেন, রেজানুর গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তার নির্দেশে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আপস-মীমাংসাসহ মামলার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এ কারণে প্রতিমন্ত্রীর নির্দেশনায় গ্রেপ্তার সাংবাদিকের জামিনের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে রেজানুরকে গ্রেপ্তার করে। তিনি জয়দেবপুরের বসুরা গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে গত বুধবার রাতে বগুড়া সদর থানায় রেজানুরসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। এজাহারে চাঁদা দাবির অভিযোগও আনা হয়। মামলাটি করেন স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।

