আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ ভিসা অনুমোদন করা হয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার (৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তাও পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেন।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাত এবং চরম অস্থির পরিস্থিতির কারণে ফুটবল বিশ্বে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বৈরী কূটনৈতিক সম্পর্কের জেরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে যে শঙ্কা জেগেছিল, এই ভিসা অনুমোদনের ফলে তা অনেকটাই দূর হলো।
ভিসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। আঙ্কারায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন:
“যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ভিসাপ্রক্রিয়ার কাজটি চমৎকারভাবে সম্পন্ন করায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের পুরো টিমকে নিয়ে আমি গর্বিত। খেলাধুলা সব সীমানা ছাড়িয়ে যায়। আমরা বিশ্বজুড়ে সব প্রতিযোগী ও সমর্থকদের স্বাগত জানাতে মুখিয়ে আছি।”
ভিসা জটিলতার অবসান ঘটায় ইরান দল এখন নির্বিঘ্নে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে পারবে, যা বিশ্বফুটবল ভক্তদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

