ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বিক্ষোভ শুরু করেছে। অনলাইনভিত্তিক এই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সরাসরি আন্দোলনে অংশ নেন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (৬ জুন) দিল্লির যন্তর-মন্তরে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিক্ষোভকারীরা সেখানে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শান্তিপূর্ণ ও ভালোবাসাভিত্তিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছেন।
এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, পরীক্ষাব্যবস্থায় অনিয়ম ও ব্যর্থতার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তিনি আন্দোলন গড়ে তুলবেন।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শান্তিপূর্ণ কর্মসূচি বজায় রাখার আহ্বান জানিয়ে আয়োজকেরা বলছেন, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা।

