জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী দুই চাচাতো বোনের প্রতিদ্বন্দ্বিতা এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মনোনয়ন দৌড়ে রয়েছেন সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুণী এবং দীর্ঘদিনের তৃণমূল নেত্রী সাদিয়া হক।
দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করায় প্রতিদ্বন্দ্বিতাটি অনেকের কাছে “রাজনৈতিক ঐতিহ্য বনাম ত্যাগ ও অভিজ্ঞতার” লড়াই হিসেবে দেখা হচ্ছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত সাবেক মন্ত্রী ও বিএনপির মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন তার মেয়ে সালিমা তালুকদার আরুণী। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, সাদিয়া হক প্রায় তিন দশক ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয়। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবেও তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।
তৃণমূল নেতাকর্মীদের একাংশের মতে, দুই প্রার্থীর ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয় ও অভিজ্ঞতা মনোনয়ন প্রতিযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

