মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (১৪ /এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুই সহোদরের মৃত্যুতে পরো এলাকায় নেমেছে শোকচ্ছায়া।
নিহতরা হলেন, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় এলাকার তরিকুল ইসলাম বাবুর ছেলে মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। আহত কিশোর একই এলাকার স্টালিনের ছেলে মোঃ হোসেন (১০)। তাকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও এলাকাবাসী জানান, টেক্সটাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

