মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে ভবিষ্যতে সেখানে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। স্থানীয় সময় বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তিনি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয় এবং সাম্প্রতিক একটি জরিপে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ দেখানো হয়েছে বলেও দাবি করেন। তবে তিনি কোন জরিপের কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি। হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দীর্ঘদিন ধরে দেশটির শীর্ষ পদে রয়েছেন। ট্রাম্প অতীতেও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ও শক্ত সমর্থক হিসেবে পরিচিত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু একজন “যুদ্ধকালীন প্রধানমন্ত্রী” এবং তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি ইরান পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়েও মন্তব্য করেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্যসূত্র: ইউএসএ টুডে

